গোপনীয়তা নীতি

শেষ হালনাগাদ: ৮ অক্টোবর, ২০২৬

সহপাঠী একটা AI পড়ার সঙ্গী — শিক্ষার্থীদের জন্য, অনেকেই যাদের বয়স ১৮-এর কম। তাই কোন তথ্য আমরা রাখি, কেন রাখি আর কে দেখতে পায়, সেটা সহজ ভাষায় এখানে লেখা আছে।

যে তথ্য আমরা রাখি

  • অ্যাকাউন্টের তথ্য: নাম, ইমেইল, শ্রেণি আর পড়ার মাধ্যম। পাসওয়ার্ড কখনো সরাসরি রাখা হয় না — শুধু এমনভাবে বদলানো রূপ, যেটা থেকে আসল পাসওয়ার্ড বের করা যায় না।
  • পড়ার তথ্য: কোন প্রশ্নে কী উত্তর দিয়েছ, সহপাঠীর সাথে কী কথা হয়েছে, কতটা ইঙ্গিত লেগেছে, কোন দক্ষতা কতটা পাকা, কোন দিন কতক্ষণ পড়েছ।
  • সহপাঠী যেন বন্ধুর মতো মনে রাখতে পারে, সেজন্য আগের পড়া থেকে ছোট ছোট নোট (যেমন কোথায় সাধারণত ভুল হয়)।
  • পেমেন্টের তথ্য: কোন প্ল্যান, কবে, কত টাকা। কার্ডের তথ্য আমাদের কাছে আসে না — সেটা থাকে পেমেন্ট সেবা Stripe-এর কাছে।
  • যোগাযোগ ফর্মে বা ছোট জরিপে যা লিখে পাঠাও।
  • দাম কোন মুদ্রায় দেখাব, সেটা ঠিক করতে কোন দেশ থেকে ঢুকেছ; আর অপব্যবহার ঠেকাতে সাময়িকভাবে ইন্টারনেট ঠিকানা (IP)।

কেন রাখি

  • পড়ায় সাহায্য করতে: তোমার বই, তোমার শ্রেণি আর তোমার আগের পড়া মিলিয়ে সহপাঠী উত্তর দেয়।
  • অগ্রগতি দেখাতে, আর তুমি রাজি থাকলে অভিভাবককে সাপ্তাহিক রিপোর্ট দিতে।
  • অ্যাকাউন্ট, পেমেন্ট আর পাসওয়ার্ড বদলানোর মতো কাজের ইমেইল পাঠাতে।
  • সেবা ঠিকঠাক চলছে কিনা দেখতে আর ভুল শোধরাতে।

কে দেখতে পায়

  • অভিভাবক কিছুই দেখতে পান না, যতক্ষণ না শিক্ষার্থী নিজে রাজি হয়। রাজি হলেও শুধু সাপ্তাহিক রিপোর্ট — পুরো কথোপকথন নয়। শিক্ষার্থী যেকোনো সময় দেখা বন্ধ করতে পারে।
  • কোনো উত্তর ভুল বলে রিপোর্ট করলে, বা সহপাঠীর মান যাচাইয়ের জন্য, আমাদের ছোট দল সেই কথোপকথন দেখতে পারে। কে কখন দেখল, সেটা লিখে রাখা হয়।
  • যে সেবাগুলো দিয়ে সহপাঠী চলে, তারা কাজের জন্য যতটুকু দরকার ততটুকুই পায়: উত্তর তৈরির AI সেবা (যেমন Cloudflare Workers AI), ওয়েবসাইট চালানো (Cloudflare), বইয়ের তথ্য খোঁজা (Qdrant), ইমেইল পাঠানো (Resend) আর পেমেন্ট (Stripe)।
  • আমরা কারও তথ্য বিক্রি করি না, আর বিজ্ঞাপন দেখাই না।

কুকি আর ব্রাউজারে রাখা তথ্য

  • লগ ইন ধরে রাখতে কয়েকটা কুকি লাগে, আর একটা মনে রাখে তুমি কোন ভাষা বেছে নিয়েছ। বিজ্ঞাপন বা অন্য সাইটে তোমাকে অনুসরণ করার কোনো কুকি নেই।
  • দুর্বল ইন্টারনেটে লেখা যেন হারিয়ে না যায়, সেজন্য চলতি কথোপকথনের কিছু অংশ তোমার ব্রাউজারেই থাকে। লগ আউট করলে সেটা মুছে যায়।

তোমার অধিকার

  • প্রোফাইল থেকে নাম, শ্রেণি আর মাধ্যম নিজেই বদলাতে পারো।
  • নিজের সব তথ্যের কপি চাইতে বা পুরো অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতা থেকে লিখো — অ্যাকাউন্টের ইমেইল থেকেই অনুরোধ এলে আমরা সেটা করে দেব।
  • অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য থাকে; মুছে ফেলতে বললে পড়ার তথ্যসহ সব মুছে দেওয়া হয়। শুধু পেমেন্টের হিসাব আইন অনুযায়ী যতদিন রাখা দরকার, ততদিন থাকে।

বদল হলে

  • এই নীতিতে বড় কোনো বদল হলে অ্যাপে বা ইমেইলে জানিয়ে দেব। ওপরের তারিখটা দেখে বুঝবে শেষ কবে বদলেছে।

কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা থেকে আমাদের লিখো। যোগাযোগ পাতা